পাথরঘাটায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার, মায়ের নিখোঁজ নিয়ে রহস্য

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৪:৪০ পিএম
পাথরঘাটায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার, মায়ের নিখোঁজ নিয়ে রহস্য

ছবি: প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় মারিয়া (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধারকে কেন্দ্র করে রহস্যের সৃষ্টি হয়েছে। ময়নাতদন্ত শেষে দাফনের সময় তার মায়ের হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায়। নিহত মারিয়া কালোমেঘা ইউনিয়নের কালিবাড়ি গ্রামের মৃত নাসির তালুকদারের মেয়ে। তিনি তার মা নাসিমা বেগমের সঙ্গে শহরের শাহ আলম মাস্টারের বাড়িতে ভাড়া থাকতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় মারিয়া তার মাকে মোবাইলে টাকা রিচার্জ করার জন্য দোকানে পাঠান। পরে ঘরের বারান্দায় ওড়না পেঁচিয়ে ফ্যানের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়। স্থানীয়দের ধারণা, এটি আত্মহত্যা হতে পারে।

তবে মৃত্যুকে ঘিরে সন্দেহ প্রকাশ করেছেন নিহতের মা নাসিমা বেগম। তিনি দাবি করেন, রুহুল আমিন নামে এক যুবকের সঙ্গে তার মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের টানাপোড়েনের জেরে তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হতে পারে বলেও অভিযোগ করেন তিনি।

খবর পেয়ে পাথরঘাটা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার রাতে লাশ দাফনের জন্য প্রস্তুতি নেওয়া হয়।

তবে দাফনের সময় হঠাৎ করেই কবরস্থান থেকে সবার অগোচরে নিখোঁজ হন নিহতের মা নাসিমা বেগম। পরে তাকে খুঁজে না পেয়ে পুলিশ লাশ থানায় নিয়ে যায়।

পরদিন বুধবার সকালে পুলিশ নাসিমা বেগমকে উদ্ধার করে পুনরায় কবরস্থানে নিয়ে এসে মারিয়ার দাফন সম্পন্ন করে।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে। স্থানীয়রা মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

এসএইচ 

Link copied!